ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে জমে থাকা ধ্বংসস্তূপের পরিমাণ বর্তমানে প্রায় ৬ কোটি ১০ লাখ টনে পৌঁছেছে। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিশাল পরিমাণ ধ্বংসাবশেষ অপসারণ করে এলাকাটিকে বসবাসের উপযোগী করে তুলতে অন্তত সাত থেকে ১০ বছর সময়ের প্রয়োজন হতে পারে। এ কাজে শত শত কোটি ডলার ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। কেবল অবকাঠামোগত ক্ষতি নয়, এই ধ্বংসস্তূপের স্তূপে এখনো ৮ থেকে ১০ হাজার মানুষের মরদেহ চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে, যা মানবিক বিপর্যয়ের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। একসময় দোকানপাট, অফিস ও মানুষের ব্যস্ততায় সরগরম থাকা সড়কটি এখন প্রায় জনশূন্য।
গাজা সিটির তেল আল-হাওয়া এলাকার বৈরুত স্ট্রিট বর্তমানে যুদ্ধের ভয়াবহতার এক বড় উদাহরণ। একসময়কার কর্মচঞ্চল এই রাস্তা এখন প্রায় জনমানবহীন। রাস্তার ধারের ভবনগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় ঝুলে আছে, যার কোনোটিতে আবার ঝুঁকি নিয়ে বসবাস করছেন বাস্তুচ্যুত কিছু পরিবার। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক স্থানে রাস্তার ওপর দিয়ে বর্জ্য মিশ্রিত পানি প্রবাহিত হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রকৌশলী আহমেদ আলিয়ান বৈরুত স্ট্রিটের একটি অংশ পরিষ্কারের কাজ করতে গিয়ে বলেন, সেখানকার পরিস্থিতি এতই ভয়াবহ যে, ছোট চামচ দিয়ে পুরো সমুদ্র সেঁচে ফেলার প্রচেষ্টার মতোই তা অসম্ভব মনে হয়। রাস্তার পাশে ক্ষতিগ্রস্ত একটি বহুতল ভবন কাত হয়ে দাঁড়িয়ে আছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি জ্যাকো সিলিয়ার্স জানিয়েছেন, গত ১৮ বছরে বিশ্বজুড়ে হওয়া অন্যান্য যুদ্ধের তুলনায় গাজার ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় ২০ গুণ বেশি। এখন পর্যন্ত গাজার প্রায় ৫৮০ কিলোমিটার রাস্তা পরিষ্কার করা সম্ভব হয়েছে, যার মাধ্যমে ত্রাণবাহী ট্রাক ও উদ্ধারকারী দলের যাতায়াত কিছুটা সহজ হয়েছে। তবে মোট ধ্বংসস্তূপের তুলনায় এই অগ্রগতি মাত্র দেড় শতাংশের মতো। এখন পর্যন্ত প্রায় ৯ লাখ ৭ হাজার টন ধ্বংসস্তূপ সরানো হয়েছে এবং এর মধ্যে ৩ লাখ টনের বেশি পুনরায় ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা হয়েছে। গত দুই বছরের বেশি সময়ে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার প্রায় ৫৮০ কিলোমিটার সড়ক পরিষ্কার করেছে। পাশাপাশি যুদ্ধবিরতির মধ্যেও হামলা ও নতুন করে ধ্বংসের ঘটনা ঘটায় কিছু সড়ক একাধিকবার পরিষ্কার করতে হয়েছে। গাজার মাত্র প্রায় ৩০ শতাংশ এলাকায় মানুষ ও ত্রাণকর্মীদের প্রবেশ সম্ভব হচ্ছে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ধ্বংসস্তূপ সরানোর কাজকে আরও জটিল করে তুলেছে প্রয়োজনীয় যন্ত্রপাতির তীব্র সংকট। খাদ্য ও ওষুধের বাইরে ভারী নির্মাণসামগ্রী ও যন্ত্রাংশ প্রবেশে কঠোর বিধিনিষেধ রয়েছে। অনেক সময় নতুন করে হামলা ও অস্থিরতার কারণে পরিষ্কার করা রাস্তা পুনরায় ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়া, গাজার অনেক এলাকায় মানুষের প্রবেশাধিকার সীমিত থাকায় ধ্বংসস্তূপ অপসারণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি পুরোনো যন্ত্রপাতি মেরামত করে এবং স্থানীয় প্রকৌশলীদের সহায়তায় ধ্বংসস্তূপের লোহা ও কংক্রিট আলাদা করার ছোট ছোট পাঁচটি কেন্দ্র পরিচালনা করছে। এই বিপুল ধ্বংসাবশেষ অপসারণ আধুনিক ইতিহাসের অন্যতম বড় ধ্বংসস্তূপ পরিষ্কার অভিযান হয়ে উঠেছে। এর মধ্যে দুটি স্থানীয় প্রকৌশলীরা মেরামত করে আবার সচল করেছেন।
পুনর্ব্যবহৃত কংক্রিট ব্যবহার করে রাস্তা ও গর্ত ভরাটের চেষ্টা করা হচ্ছে, যদিও এগুলোর গুণমান নতুন সামগ্রীর তুলনায় কম। তবে ধ্বংসস্তূপ সরানোর ফলে স্থানীয়রা কিছুটা সুফল পাচ্ছেন। জাবালিয়া থেকে আসা ইব্রাহিম দারাদোনার মতে, ধ্বংসস্তূপ সরানোর পর ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব কমেছে এবং শিশুদের চলাচলের জন্য রাস্তা কিছুটা নিরাপদ হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানের সামনে পরিষ্কারের কাজ হওয়ায় অনেক ব্যবসায়ী আবার দোকান খোলার সাহস পাচ্ছেন।
তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা প্রিয়জনের মরদেহের সন্ধান পাওয়া পরিবারগুলোর জন্য সবচেয়ে বড় আবেগের বিষয়। জাতিসংঘ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সঙ্গে সমন্বয় করে মরদেহ শনাক্তকরণ এবং ধর্মীয় মর্যাদায় দাফনের প্রক্রিয়া পরিচালনা করছে। উদ্ধারকাজের সময় অবিস্ফোরিত বোমা, অ্যাসবেস্টসের মতো ক্ষতিকর পদার্থ এবং দুর্বল অবকাঠামো বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসসহ বিভিন্ন সংস্থা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার কাজ করছে। এই ধ্বংসস্তূপ সরানোর প্রক্রিয়া কেবল পুনর্গঠনের শর্ত নয়, এটি গাজার মানুষের মৌলিক সেবা পুনরায় চালু এবং বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার অংশ।
















