সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তালিকায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও অনেকের ভাগ্যে জোটেনি নিয়োগপত্র। এই বঞ্চিত প্রার্থীরা তাদের দাবির স্বপক্ষে আজ রোববার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন। বেলা ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি থেকে তারা ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের বিষয়টি মানবিক ও ন্যায়সংগত দৃষ্টিকোণ থেকে পুনরায় বিবেচনার আহ্বান জানিয়েছেন।
বঞ্চিত চাকরিপ্রার্থীদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হচ্ছে, ততক্ষণ এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, গত ২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগপত্র প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেই তালিকায় চূড়ান্তভাবে মনোনীত হয়েও দেশের বিভিন্ন জেলায় শত শত প্রার্থী এখনো নিয়োগপত্র হাতে পাননি বলে অভিযোগ তাদের।















