নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত সাংবাদিক আড্ডা। গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জ্যাকসন হাইটসের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের সঙ্গে নিউইয়র্কে কর্মরত সংবাদকর্মীদের মধ্যে পেশাগত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী। তিনি বাংলাদেশের সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, গণমাধ্যমের বিদ্যমান চ্যালেঞ্জ এবং এই পেশার নানাবিধ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাংবাদিকতার মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসাইন মনজু, প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ, মঈনুদ্দীন নাসের, মাহমুদ খান তাসের, সাঈদ তারেক এবং এবিএম সালেহ উদ্দীন। এছাড়া মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। ঘরোয়া পরিবেশে আয়োজিত এই আড্ডায় সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনার পাশাপাশি পেশাগত সংহতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
















