নিউইয়র্ক সিটির তীব্র আবাসন সংকট মোকাবিলা এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় কমানোর লক্ষ্য নিয়ে বড় ধরনের আর্থিক উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। শহরের চারটি পাবলিক পেনশন তহবিল থেকে এএফএল-সিআইও হাউজিং ইনভেস্টমেন্ট ট্রাস্টে (এইচআইটি) ৩০ কোটি ডলার নতুন বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির কম্পট্রোলার মার্ক লেভিন এবং সংশ্লিষ্ট পেনশন তহবিলের ট্রাস্টিরা এই বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। কম্পট্রোলারের কার্যালয় থেকে জানানো হয়েছে, এইচআইটির দীর্ঘ ইতিহাসে এটিই এখন পর্যন্ত একক কোনো প্রতিষ্ঠান থেকে আসা বৃহত্তম বিনিয়োগ বরাদ্দ। লেভিনের হাউজিং ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের আওতায় পেনশন মূলধনকে ঝুঁকি-সমন্বিত ভালো রিটার্নের লক্ষ্যে বিনিয়োগের পাশাপাশি আবাসন সংকট মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে। এতে আবাসন সরবরাহ বাড়ার পাশাপাশি নির্মাণ ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ইউনিয়ন শ্রমিকরাও উপকৃত হবেন।
এই নতুন বিনিয়োগটি কম্পট্রোলার মার্ক লেভিনের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যার মাধ্যমে আগামী চার বছরে নিউইয়র্ক সিটির আবাসন নির্মাণ ও সংরক্ষণে মোট ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই ৩০ কোটি ডলার যুক্ত হওয়ার ফলে নিউইয়র্ক সিটির চারটি পাবলিক পেনশন তহবিল এখন সম্মিলিতভাবে এইচআইটির সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবে প্রতিষ্ঠিত হলো। এর মাধ্যমে সংস্থা দুটির ২৫ বছরের দীর্ঘ অংশীদারত্ব আরও সুদৃঢ় হয়েছে।
প্রকল্পের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কম্পট্রোলার অফিসের তথ্য অনুযায়ী, এই বিনিয়োগের মাধ্যমে এইচআইটির পাইপলাইনে থাকা নিউইয়র্ক সিটি প্রকল্পগুলোতে আগামী কয়েক বছরে প্রায় ১০ হাজার আবাসিক ইউনিট তৈরি বা সংরক্ষণের সম্ভাবনা রয়েছে। এসব আবাসন প্রকল্পের সম্মিলিত উন্নয়ন ব্যয় প্রায় ৪.১ বিলিয়ন ডলার। এছাড়া প্রতিটি প্রকল্প বাস্তবায়নে ১০০ শতাংশ ইউনিয়ন শ্রমিক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই উদ্যোগের তিনটি মূল লক্ষ্যের মধ্যে রয়েছে নতুন মিশ্র-আয়ের ও সাশ্রয়ী আবাসন নির্মাণে অর্থায়ন, ঝুঁকিতে থাকা সাশ্রয়ী আবাসন সংরক্ষণ এবং অফিস ভবনকে আবাসিক ভবনে রূপান্তরের মাধ্যমে নতুন আবাসন তৈরি। নিউইয়র্ক সিটির প্রকল্পগুলোতে ১০০ শতাংশ ইউনিয়ন শ্রমিকের মাধ্যমে নির্মাণকাজ পরিচালনার ওপরও জোর দেওয়া হয়। কয়েকটি প্রকল্প চলতি বছরের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০০২ সাল থেকে নিউইয়র্ক সিটির পাবলিক পেনশন তহবিলগুলো সম্মিলিতভাবে এইচআইটিতে ৫৮৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই দীর্ঘমেয়াদী অংশীদারত্বের মাধ্যমে শহরে ৪০ হাজারের বেশি আবাসিক ইউনিট নির্মাণ বা সংরক্ষণ করা সম্ভব হয়েছে। কম্পট্রোলার অফিসের প্রতিবেদন অনুযায়ী, পেনশন বিনিয়োগের এক, তিন ও পাঁচ বছরের রিটার্ন নিয়মিতভাবে সংশ্লিষ্ট বেঞ্চমার্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অথবা তার চেয়ে বেশি অর্জিত হয়েছে।
এ বিষয়ে কম্পট্রোলার মার্ক লেভিন বলেন, এইচআইটির মতো উদ্যোগ একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য ভালো রিটার্ন, শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিউইয়র্কবাসীর জন্য প্রয়োজনীয় আবাসনের সুযোগ তৈরি করে। ম্যানহাটন বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান সিগেল জানান, এই বিনিয়োগ আগামী পাঁচ বছরে ১০ হাজার বাড়ি তৈরিতে গুরুত্বপূর্ণ সহায়তা করবে। এইচআইটির সিইও ও সিআইও চ্যাং সুহ আশা প্রকাশ করেন যে, নতুন এই তহবিলের ফলে নিউইয়র্কের আরও বেশি আবাসন প্রকল্পে অর্থায়ন করা সম্ভব হবে।















