সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ গোটা বিচারাঙ্গনে যেকোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি পরিলক্ষিত হলে তা বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। নিজে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের কষ্ট ও পেশাগত চ্যালেঞ্জগুলো তিনি ব্যক্তিগতভাবে অনুভব করতে পারেন। এসআরএফ-এর সদস্যদের সঙ্গে আত্মার সম্পর্ক রয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, পেশাগত জীবনে আমারও দীর্ঘদিন সাংবাদিকতা করার সুযোগ হয়েছে। সুতরাং সাংবাদিকদের সুখ-দুঃখ, কষ্ট-বেদনা কিছুটা হলেও বোঝার চেষ্টা করি। এরপরও বিচারপতিদের বদান্যতার সুযোগ নিয়ে তৃতীয় আদেশটি হাসিল করেছেন। অধিকাংশ মানুষই আমরা হালাল রুজি উপার্জন করি।
অ্যাটর্নি জেনারেল বলেন, দায়িত্ব গ্রহণের পর আদালতকেন্দ্রিক বেশ কিছু ইস্যুতে সংবাদকর্মীদের প্রচার করা প্রতিবেদনের ইতিবাচক ফলাফল তারা লক্ষ্য করেছেন। উদাহরণ হিসেবে তিনি হাইকোর্টের একটি বেঞ্চের মামলার অনিয়মের কথা উল্লেখ করেন। তিনি জানান, একজন আইনজীবী বা বিচারপ্রার্থী যখন তিনটি আলাদা আদালতে একই পিটিশন করেন, তখন তা পেশাদারিত্বের বড় ধরনের অসদাচরণ। এ ধরনের অসংগতিগুলো যখন সংবাদে উঠে আসে, তখন তা প্রতিকারে সহায়তা করে। তিনি স্পষ্টভাবে বলেন, আদালত আমাদের রুজি-রোজগারের পবিত্র স্থান, যেখানে দু-একজন দুষ্ট ব্যক্তির কারণে সামগ্রিক পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এর আগেও হাইকোর্টের একটি বেঞ্চে স্থগিতাদেশ দেওয়ার পর রিকল করেছিল। আমি সংশ্লিষ্ট আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি যে, এটা গুরুতর পেশাদারিত্বের অসদাচরণ। আদালত অপেক্ষা করছেন যে ফাইলগুলো আনার পরই পরবর্তী আদেশ দেবেন। তিনি বলেন, এ প্রতিষ্ঠান আমাদের রুটি-রুজির জায়গা।
নেতিবাচক সংবাদের পাশাপাশি বিচারাঙ্গনের ইতিবাচক অর্জনগুলোও তুলে ধরার অনুরোধ জানান তিনি। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রধান বিচারপতির তৎপরতায় আপিল ও হাইকোর্ট বিভাগে হাজারো মামলা নিষ্পত্তি হয়েছে, যা জাতির সামনে আসা জরুরি। কেবল ভুল বার্তা নয়, মানুষ যেন আদালতের সঠিক তথ্য পায় সেটিই তার প্রত্যাশা।
অনুষ্ঠানের শুরুতে দুপুর সোয়া ১২টায় সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মূল ভবনের ফোয়ারার সামনে এসে শেষ হয়। এতে এসআরএফ সভাপতি মো. দিদারুল আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, সাবেক সভাপতি মাসউদুর রহমান রানাসহ সংগঠনের অন্যান্য নেতা ও কর্মীরা অংশ নেন। এরপর দুপুর ১টায় কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন অ্যাটর্নি জেনারেল।
এসআরএফ সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী এবং জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, আপিল বিভাগের রেজিস্ট্রার, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার), ডুলা সভাপতি শেখ আলী আহমেদ খোকন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মাহিন এম রহমান, ব্যারিস্টার এইচএম সানজিদ সিদ্দিকী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জহিরুল আমিন, মঈনুল করিম ও তারেক আবদুল্লাহসহ অনেকে।
উল্লেখ্য, ২০২৪ সালে যাত্রা শুরু করা সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের মূল লক্ষ্য হলো সাংবাদিকদের অধিকার রক্ষা এবং আদালত সংক্রান্ত সংবাদ দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে জাতির সামনে উপস্থাপন করা। দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়।















