সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল-৪ লক্ষ্য করে চালানো এক হামলায় একজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবারে সংঘটিত হামলার পর রোববার আবারও এই হামলা চালানো হয়, যার ফলে টার্মিনালে আগুন ধরে যায়। এ নিয়ে গত এক সপ্তাহে রিয়াদের বিমানবন্দরে ধারাবাহিক হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, একটি অজ্ঞাত প্রজেক্টাইল টার্মিনাল-৪-এ আঘাত হানে। এছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন এবং দক্ষিণ সীমান্তসংলগ্ন খামিস মুশাইতে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে জোটটি। পরবর্তীতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই হামলায় হতাহতের ঘটনা নিশ্চিত করে। শনিবারের ভয়াবহ হামলার রেশ কাটতে না কাটতেই রোববার বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে এই হামলা করা হয়। এতে টার্মিনালে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, রানওয়েতে দাঁড়িয়ে থাকা কয়েকটি বিমানের কাছে প্রজেক্টাইলটি আঘাত হানলে অগ্নিকাণ্ড ঘটে। এর পরপরই বিমান থেকে যাত্রীদের দ্রুত নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, এক টেলিভিশন ভাষণে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদের পাশাপাশি দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনাতেও তারা সফল হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষ রাতে দাম্মাম বিমানবন্দরে আঘাত হানার বিষ বিষয়টি স্বীকার করে জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে। হুতিদের পক্ষ থেকে বেসামরিক বিমানগুলোকে সৌদি আরবের সমস্ত বিমানবন্দর এড়িয়ে চলার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এদিকে সৌদি জোটের মুখপাত্ররা জানিয়েছেন, পাল্টা পদক্ষেপ হিসেবে গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ১২৪ দফা বিমান হামলা চালিয়েছেন তারা। হামলা বন্ধ না হলে আরও কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির পর যুক্তরাজ্য তাদের নাগরিকদের মদিনা ছাড়া সৌদি আরবের অন্য কোনো বিমানবন্দরে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। একইভাবে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষও সৌদি আকাশসীমায় যাতায়াতে সতর্কতা জারি করেছে। সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় কর্তৃপক্ষ রিয়াদের সব স্কুলে সশরীরে পাঠদান বন্ধ রেখে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অনলাইনে শ্রেণি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।















